সর্বশেষ মার্কিন সেনাবাহিনী গত সোমবার মধ্যরাতে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের মাটি ছেড়ে গেছে। রাজধানী কাবুল ছেড়ে যাওয়া এসব সৈন্যের অনেকেই বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। পাক ভূমিতে মার্কিন ঘাঁটি গড়ার প্রসঙ্গ উঠলেও ইসলামাবাদ বলছে, স্বল্পমেয়াদে এসব সেনাকে পাকিস্তানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ মার্কিন সেনাদের দীর্ঘমেয়াদে পাকিস্তানে ঘাঁটি গাড়ার বিষয়টি এরই মধ্যে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এসব বিদেশি সৈন্যদের দীর্ঘমেয়াদে পাকিস্তানে থাকার কোনো সুযোগ নেই। তাদেরকে আগামী ২১ থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে।
পাক মিডিয়া দ্য ডনকে দেওয়া সাক্ষাতকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মোশাররফ যুগ ফিরে আসার দাবিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি পাকিস্তান সরকার ইসলামাবাদে মার্কিন সেনাদের জন্য হোটেল বুক করছে বলে জমিয়ত উলামায়ে-ই-ইসলাম প্রধানের করা দাবির জন্য তাকে তিরস্কার করেন।
শেখ রশিদ আহমাদ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত দিয়ে দুই হাজার ১৯২ জন পাকিস্তানি ভূখণ্ডে এসেছেন। আর আকাশপথে ইসলামাবাদে প্রবেশ করেছেন আরও এক হাজার ৬২৭ জন। এছাড়া অল্পকিছু সংখ্যক মানুষ চামান সীমান্ত দিয়েও এসেছেন।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, প্রতিদিন বহু মানুষ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চামান সীমান্ত দিয়ে যাতায়াত করেন। অনেক আফগান এ সীমান্ত থেকে পাকিস্তানে প্রবেশ করে এবং তাদের দেশে ফিরে যাওয়াকে তিনি ‘স্বাভাবিক কার্যকলাপ’ বলেও বর্ণনা করেন।
আরও পড়ুন : কাবুলে আমাদের উপস্থিতি থাকবে : এরদোগান
তিনি আরও বলেন, আফগান ভূখণ্ড থেকে আগতদের ভিসা প্রদানের লক্ষ্য কোনো অর্থ উপার্জন নয়। মূলত এই কার্যক্রমের মাধ্যমে তহবিল তৈরির কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক মূল্যে তাদের এই ভিসা দেওয়া হচ্ছে। অপর দিকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে পুরোপুরি বিনামূল্যে।
এ সময় পাক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পাকিস্তান একটি ‘দায়িত্বশীল রাষ্ট্র’ এবং এই দেশ তার জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রত্যাশা পূরণ করে যাবে। আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
শেখ রশিদ আহমাদ আরও মনে করেন, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের চেয়ে বিশ্বের অন্য কোনো দেশ এতোটা ত্যাগ স্বীকার করেনি। সবসময় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।
তার মতে, তালেবান পাকিস্তান সরকারকে আশ্বস্ত করেছে, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। পাকিস্তানি সেনাবাহিনী কার্যকরভাবে আমাদের সীমানার পাহারা দিচ্ছে।